জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে ১৪ কোটি ইউরো বা প্রায় ১৫ কোটি ৫২ লাখ মার্কিন ডলারের নতুন অর্থায়নের পরিকল্পনা গ্রহণ করেছে ফ্রান্সের সরকারি উন্নয়ন সংস্থা এজেন্স ফ্রঁসেজ দ্য দেভেলপমঁ (এএফডি)। আগামী দুই বছরে ধাপে ধাপে এই অর্থায়ন বাস্তবায়িত হবে। এই সহায়তার আওতায় ২০২৭ সালে জলবায়ু নীতিগত সহায়তায় ১০ কোটি ইউরো ঋণ এবং ২০২৮ সালে পানি ও পয়োনিষ্কাশন খাতে ৪ কোটি ইউরো প্রদানের রূপরেখা রয়েছে। এএফডির প্রকাশিত প্রকল্পতথ্য অনুযায়ী, ঢাকার পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নে সায়েদাবাদ-৩ প্রকল্পে ১১ কোটি ৫০ লাখ ইউরো অর্থায়ন করছে সংস্থাটি।
ফ্রান্সের প্যারিসে গত ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত এএফডির সপ্তম বার্ষিক পরামর্শ সভায় এই অর্থায়নের সিদ্ধান্ত হয়। সভায় বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এএফডির ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়া বিভাগের প্রধান সিরিল বেলিয়ের যৌথভাবে সভাপতিত্ব করেন। এ সময় দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এই অর্থায়ন তাৎক্ষণিক নয়, বরং আগামী দুই বছরের জন্য একটি পরিকল্পনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এএফডির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলাসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।
২০২৭ সালের জন্য নির্ধারিত ১০ কোটি ইউরো জলবায়ু নীতিগত ঋণের অন্তর্ভুক্ত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের নীতিগত সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রম জোরদারে এই অর্থ ব্যয় করা হবে। তবে এই ঋণের বিপরীতে কোনো নির্দিষ্ট শর্ত বা নীতিগত সংস্কারের বিষয় এখনো প্রকাশ করা হয়নি। অন্যদিকে, ২০২৮ সালে বরাদ্দকৃত ৪ কোটি ইউরোর ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রকল্প, ঋণের প্রকৃতি বা অর্থ ছাড়ের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। এ প্রেক্ষাপটে ২০২৮ সালের জন্য নির্ধারিত নতুন ৪ কোটি ইউরোর অর্থায়ন কোন প্রকল্পে ব্যবহার করা হবে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্যে নির্দিষ্ট প্রকল্প বা উপকারভোগী এলাকার নাম জানানো হয়নি।
বাংলাদেশের পক্ষ থেকে এই বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি তৈরি এবং নবায়নযোগ্য জ্বালানির মতো খাতগুলোতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। ২০২৬-২০৩১ মেয়াদের উন্নয়ন ও সংস্কার কাঠামোর সাথে সংগতি রেখে এসব খাতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রত্যাশা করেছে বাংলাদেশ। এএফডি বাংলাদেশের এই অগ্রাধিকারগুলোকে তাদের উন্নয়ন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছে। এছাড়া ২০২৯-৩০ অর্থবছর থেকে কারিগরি শিক্ষা ও বেসরকারি খাতের অর্থায়নে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনার পথ উন্মুক্ত হয়েছে। পাশাপাশি জলবায়ু সহনশীলতা বাড়াতে সংস্থাটির ‘ক্লাইমেট অ্যান্ড অ্যাডাপটঅ্যাকশন’ কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা ও কারিগরি দক্ষতা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
বৈঠকে বাংলাদেশ সরকার ও এএফডির মধ্যে এক্সপার্টিজ অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফান্ডের (এফইআরসি) চুক্তিতে একটি সংশোধনী আনা হয়েছে। বর্তমানে বাংলাদেশে এএফডির অর্থায়নে ১২টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে, যার মোট প্রতিশ্রুতি ১৭৫ কোটি ৪৮ লাখ ১০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ। এর মধ্যে ১৭৩ কোটি ৬১ লাখ ৯০ হাজার ডলার ঋণ এবং ১ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার অনুদান। নতুন ঘোষিত ১৪ কোটি ইউরোর অর্থায়ন এই বিদ্যমান সহায়তার অতিরিক্ত হিসেবে যুক্ত হবে। ভবিষ্যৎ সহযোগিতার পূর্ণাঙ্গ বাস্তবায়নে ঋণের শর্তাবলি ও প্রকল্পের রূপরেখা চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। বিশেষ করে ঢাকায় নিরাপদ পানির চাহিদা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং পানিদূষণ বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। ২০১৮ থেকে ২০৩৮ সাল পর্যন্ত মেয়াদের এ প্রকল্পের লক্ষ্য রাজধানীর পানীয় জলের সরবরাহ আরও নিরাপদ ও টেকসই করা। এদিকে বাংলাদেশে এএফডির ১২টি চলমান উন্নয়ন প্রকল্পে মোট অর্থায়ন প্রতিশ্রুতির পরিমাণ ১৭৫ কোটি ৪৮ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা প্রায় ১৪৮ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ইউরোর সমপরিমাণ।



