ওয়াশিংটন সফরে মোসাদ প্রধান, অন্ধকারে রাখা হলো আইজেনকোটকে

, বিশ্ব

ওয়াশিংটন সফরে মোসাদ প্রধান, অন্ধকারে রাখা হলো আইজেনকোটকে

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান ওয়াশিংটন সফর করেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করার জন্য তিনি এই সফর করেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত গোফম্যানের এই সফর এমন এক সময়ে সম্পন্ন হলো, যখন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের জন্য ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ প্রয়োগ করছেন নেতানিয়াহু।

প্রতিবেদনে আরও জানা যায়, নিজের সফরকালে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করার কথা ছিল গোফম্যানের। পরবর্তীতে মিয়ামিতে গিয়ে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও তার আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে এই সফরের বিষয়ে মোসাদ, সিআইএ কিংবা হোয়াইট হাউস—কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে এই সফরের বিষয়টি নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতেও অস্বস্তি দেখা দিয়েছে। ইসরাইলের চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ে অংশ নিলেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোটকে এই ওয়াশিংটন সফরের বিষয়ে কোনো তথ্যই জানানো হয়নি।

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে অবশ্য এখনো দ্বিধান্বিত ট্রাম্প প্রশাসন। একদিকে ট্রাম্প সামরিক হামলা চালানোর বিষয়ে অনাগ্রহ দেখাচ্ছেন, অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের প্রয়োজন নেই। তিনি মনে করেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেহরানের ওপর যে ব্যাপক অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে, তা বর্তমানে যথেষ্ট।