চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় নিজ বাসা থেকে অ্যাডভোকেট মো. কামাল উদ্দিনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার বাসা ঘেরাও করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি হিসেবে পরিচিতি পাওয়া এই আইনজীবীর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তবে বাসা ঘেরাওকারী ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে শনিবার তাকে বাসা থেকে উদ্ধারের ঘটনার পেছনে কী অভিযোগ রয়েছে, কারা তার বাসা ঘেরাও করেছিলেন এবং তাদের সঙ্গে তার কোনো বিরোধ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কামাল উদ্দিন গত দুই বছর ধরেই বেশ আলোচিত ছিলেন।
বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি বিদেশে অবস্থানরত দলটির পলাতক নেতাদের সমালোচনা করে নিয়মিত ভিডিও ও পোস্ট প্রকাশ করে আসছিলেন। গত ৮ অক্টোবর তিনি ফেসবুকে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে ঘোষণা করেন। এরপর সারা দেশে ৬৪ জেলায় কমিটি গঠনের উদ্যোগ নেন এবং আগ্রহীদের জীবনবৃত্তান্ত চেয়ে প্রচারণা চালান। বিভিন্ন ব্যক্তিকে কেন্দ্রীয় ও জেলা কমিটিতে মনোনয়নের বিষয়টিও তিনি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। তার দাবি ছিল, বিদেশে পলাতক নেতাদের কারণে দলের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় তিনি দেশে কর্মীদের সংগঠিত করতে এই প্ল্যাটফর্মটি গড়ে তুলেছেন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় এই প্ল্যাটফর্মের কমিটি গঠনের উদ্যোগ নেন তিনি। কমিটিতে যুক্ত হতে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বানও জানান তিনি। বিদেশে অবস্থানরত নেতারা দেশে কর্মীদের আন্দোলন-সংগ্রামে নামার আহ্বান জানালেও বিপদে পড়া কর্মীদের খোঁজ নেন না।
অ্যাডভোকেট কামাল উদ্দিন মূলত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বাসিন্দা। পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই আইনজীবী চট্টগ্রাম জেলা আদালতে আইন চর্চার পাশাপাশি বিগত সরকারের সময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন, তবে ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছিল।
কামাল উদ্দিনের বিরুদ্ধে অতীতের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের তথ্যও উঠে এসেছে। ২০২২ সালে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেন কবিরের মাধ্যমে তৎকালীন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদের নাম ভাঙিয়ে তিনি এই টাকা নিয়েছিলেন। মনোনয়ন না মেলায় টাকা ফেরত চাইলে উল্টো তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল। এছাড়া গত ২২ সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিওতে তিনি বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যার হুমকি পাওয়ার অভিযোগও তুলেছিলেন।



