শাহজালালে কোটি টাকার স্বর্ণ ও স্মার্টফোন জব্দ করল কাস্টমস

, বাংলাদেশ

শাহজালালে কোটি টাকার স্বর্ণ ও স্মার্টফোন জব্দ করল কাস্টমস

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ব্যাগেজের আড়ালে নিয়মিত স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের চেষ্টা চলছে। এমন অপতৎপরতা ঠেকাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নজরদারি ও অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিমানবন্দরে চালানো তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার ও ৩৫টি স্মার্টফোনসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা সংস্থাটি।

অভিযানে উদ্ধার হওয়া পণ্যের বিস্তারিত তথ্যে জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ ফ্লাইটে ব্যাংকক থেকে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে বিভিন্ন ধরনের কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।

একইদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটে ব্যাংকক থেকে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়ালমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোনসহ ৩৬ কেজি সাবান ও ৬ কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস পাওয়া যায়। বিধি অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণ ছাড় দেওয়ার পর বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্যগুলো জব্দ করা হয়, যার মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা। প্রযোজ্য কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়।

অন্যদিকে, একই ফ্লাইটের যাত্রী উম্মা হানির ব্যাগেজ তল্লাশি করে ২০০ গ্রাম স্বর্ণ ও ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান পাওয়া যায়। এখানেও ১০০ গ্রাম স্বর্ণের বার নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়েছে এবং বাকি স্বর্ণ ও সাবান জব্দ করা হয়েছে। সব মিলিয়ে এই যাত্রীর কাছ থেকে জব্দ পণ্যের মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মতে, ছোট ছোট এসব চালানে চোরাচালান বৃদ্ধি পাওয়ায় সামগ্রিকভাবে বড় ধরনের রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি হচ্ছে, যা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রতিটি চালানের পরিমাণ তুলনামূলক কম হলেও সম্মিলিতভাবে এসব চালানের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব ফাঁকির আশঙ্কা রয়েছে।