লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, এই প্রশ্নের উত্তর খুঁজছে ফুটবল বিশ্ব। এরই মধ্যে আর্জেন্টিনার উদীয়মান তারকা নিকো পাসের নাম উঠে আসছে জোরেশোরে। এই আলোচনার নতুন মাত্রা যোগ করেছে মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির একটি মন্তব্য। জানা গেছে, খোদ সেলিয়াই নিকোকে বলেছিলেন, তুমিই আমার ছেলের উত্তরসূরি।
ঘটনাটি ছিল জাতীয় দল থেকে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের দিন। আর্জেন্টাইন রেডিও ‘লা রেদ’-কে দেওয়া সাক্ষাৎকারে সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন নিকোর চাচা ফাবিয়ান পাস। তিনি জানান, সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন মেসির মা। লকার রুম থেকে বেরিয়ে আসার সময় আবেগাপ্লুত সেলিয়াকে দেখে তরুণ নিকো এগিয়ে যান এবং তাঁকে শুভেচ্ছা জানান। ঠিক সেই মুহূর্তেই নিকোর হাত ধরে সেলিয়া এই বিশেষ স্বীকৃতি দেন। ফাবিয়ানের ভাষ্যমতে, এমন মন্তব্যে নিকো পুরোপুরি হতবাক হয়ে পড়েছিলেন।
মেসির মায়ের কাছ থেকে এমন বড় স্বীকৃতি পেলেও নিকো নিজেকে মোটেও মেসির উত্তরসূরি হিসেবে গণ্য করেন না। চাচা ফাবিয়ান জানান, নিকো স্বভাবগতভাবেই শান্ত ও বিনয়ী। মেসির সঙ্গে দেখা হওয়া এবং তাঁর পাশে খেলার সুযোগ পাওয়াকেই তিনি নিজের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন। ফাবিয়ানের ভাষায়, সেই অনুভূতি ছিল আকাশের চাঁদ ছোঁয়ার মতো।
বর্তমানে ইতালির ক্লাব কোমোর হয়ে খেলছেন নিকো। আর্জেন্টিনার বাইরে থাকায় নিজ দেশের ফুটবলের তীব্র আবেগ ও প্রত্যাশার চাপ থেকে কিছুটা দূরেই থাকেন তিনি। ফাবিয়ান মনে করেন, আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতির এই উন্মাদনা নিকোর কাছে এখনো অনেকটা বিস্ময়ের। এদিকে মাঠের পারফরম্যান্সেও নিজেকে প্রমাণ করছেন এই তরুণ। সম্প্রতি কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ে জোড়া গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।



