ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক একদিন আগে শুক্রবার (১৪ আগস্ট) ইমেইলের মাধ্যমে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একই সময়ে দিল্লির আরও পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে ফোন ও বার্তার মাধ্যমে একই ধরনের হুমকি পাওয়ার কথা নিশ্চিত করেছে দিল্লি ফায়ার সার্ভিস। হুমকির পরপরই দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রি জেনারেল দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং আদালত চত্বরে বোম্ব ডিসপোজাল ইউনিট ও প্রশিক্ষিত কুকুর দিয়ে ব্যাপক তল্লাশি চালানো শুরু হয়।
দিল্লি হাইকোর্টের যুগ্ম সচিব অ্যাডভোকেট কুণাল জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এই হুমকিগুলোকে ভুয়া বলে মনে হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আদালত প্রাঙ্গণে তল্লাশি অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। দিল্লি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, হাইকোর্ট ছাড়াও যেসব স্থানে হুমকি দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জামনগর হাউস, ঝাণ্ডেওয়ালান ফ্ল্যাটেড ফ্যাক্টরি কমপ্লেক্স, এমবি সাকেত অফিস বা ডিএম অফিস, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম অফিস।
হুমকির খবর পাওয়ার পরপরই উল্লেখিত স্থানগুলোতে ফায়ার সার্ভিসের গাড়ি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।



