জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সকালে বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বীর শহিদদের রক্তের মর্যাদা রক্ষা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের অংশ হিসেবে তথ্যমন্ত্রী প্রথমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাসহ সর্বস্তরের মানুষ শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত সবাই শহিদদের স্বপ্নের বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তার বক্তব্যে আরও উল্লেখ করেন, ছাত্র-জনতার ত্যাগের মূল লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শহিদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসা অত্যন্ত জরুরি।
দিবসটি উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও দিনব্যাপী জেলাজুড়ে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।



