ওমানের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের সন্নিকটে দুর্ঘটনায় কবলিত তেলবাহী ট্যাংকার থেকে অপরিশোধিত তেল ছড়িয়ে পড়েছে। দেশটির পরিবেশ কর্তৃপক্ষের তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় ৪০০ বর্গকিলোমিটার সমুদ্র এলাকা এই তেল দূষণের কবলে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে আনার জন্য বর্তমানে জোর তৎপরতা চালানো হচ্ছে।
দুর্ঘটনায় পড়া জাহাজটির নাম ‘ক্যারোলিন বেজেঙ্গি’। ২৭৪ মিটার দীর্ঘ এই রুশ ট্যাংকারটি প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে এশিয়ার দিকে যাচ্ছিল। গত জুন মাসে ইয়েমেন উপকূলে প্রথমবার দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই এটি আলোচনায় আসে। সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্টদের ধারণা, জাহাজটিতে কোনো এক পর্যায়ে বিস্ফোরণ ঘটেছিল। রাশিয়ার নভোরোসিস্ক বন্দর থেকে তেল নেওয়ার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থাকা এই জাহাজটি ভুয়া তথ্য ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত ওমানের হালানিয়াত দ্বীপের কাছে সংরক্ষিত এলাকায় আটকা পড়ে এটি তেল নিঃসরণ শুরু করে।
ওমান সরকারের ভাষ্যমতে, তেলের আস্তরণটি দ্বীপের উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূলের প্রায় ৭ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছেছে। তবে এখন পর্যন্ত দেশটির কোনো পর্যটন কেন্দ্র বা মিষ্টি পানির প্ল্যান্টে এর সরাসরি প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি। এদিকে, গ্রিনপিস কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে দাবি করেছে, তেলের এই আস্তরণ প্রকৃতপক্ষে প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত এই তেল অপসারণ করা না গেলে ওমানের বিরল প্রজাতির সামুদ্রিক তিমি, কোরাল এবং হাজারো জলজ প্রাণীর ওপর দীর্ঘমেয়াদি ও ভয়াবহ প্রভাব পড়বে। এই বিপর্যয় সামুদ্রিক বাস্তুসংস্থানকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন পরিবেশবাদীরা।



