যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মুসলিমদের বিরুদ্ধে রাজনৈতিক বৈরিতা ও সরকারি নজরদারি উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় মুসলিম জনসংখ্যা ও মসজিদের সংখ্যা দ্রুত বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থানীয় পর্যায়ে বিদ্বেষপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। গত দুই দশকে এই অঞ্চলে মসজিদের সংখ্যা তিন গুণ বেড়ে বর্তমানে ৭৬টিতে দাঁড়িয়েছে। টেক্সাসে বর্তমানে মুসলিম জনসংখ্যা আনুমানিক ৩ লাখ থেকে ৫ লাখের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
আরভিংয়ের ভ্যালি র্যাঞ্চ ইসলামিক সেন্টারের মুসল্লি ঘুলাম কেহার জানিয়েছেন, রাজ্যের প্রভাবশালী নেতাদের মুসলিমবিরোধী বক্তব্যের নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে। এর ফলে প্রকাশ্যে নামাজ আদায় কিংবা পার্কে সময় কাটানোর মতো সাধারণ কর্মকাণ্ডেও মুসলিমরা কটূক্তির শিকার হচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ধর্মীয় পরিচয়ের কারণে তারা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন।
২০২৫ সালে ডালাসের পূর্বাঞ্চলে ‘এপিক সিটি’ নামে একটি আবাসন প্রকল্প এবং নতুন মসজিদ নির্মাণের পরিকল্পনা প্রকাশের পর উত্তেজনা নতুন মাত্রা পায়। গভর্নর গ্রেগ অ্যাবট ও অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এই প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নেন এবং মুসলিম প্রতিষ্ঠানগুলোর ওপর তদন্ত শুরু করেন। গভর্নর অ্যাবট মুসলিম নাগরিক অধিকার সংগঠন সিএআইআর-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া, টেক্সাসে ইসলামিক চর্চা নিয়ন্ত্রণের জন্য নতুন আইন প্রণয়নের আলোচনা চলছে, যেখানে শরিয়াহভিত্তিক ধর্মীয় পরামর্শ ও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে আইনি কাঠামোর আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
স্টেট রিপ্রেজেন্টেটিভ অ্যালান স্কুলক্রাফট ইসলামকে কেবল একটি ধর্ম হিসেবে মানতে নারাজ, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে, মুসলিম নেতা ও আইনজীবীদের মতে, ইসলামকে রাজনৈতিক মতাদর্শ হিসেবে চিহ্নিত করে ধর্মীয় স্বাধীনতা খর্ব করার এই প্রচেষ্টা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর পরিপন্থী। তারা নিজেদের সাংবিধানিক অধিকার রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।



