চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে পতেঙ্গার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির মামুন মিয়ার মেয়ে।
ঘটনার বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, স্বজনদের তথ্য অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে একটি ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



