রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত শ্রমিকের নাম জাকির হোসেন, যার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় মেহেরপুরের গাংনীর বাসিন্দা মো. আলাল হোসেন রাজু নামে আরেক বাংলাদেশি শ্রমিক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণে পুড়ে যাওয়া অজ্ঞাত মরদেহগুলোর মধ্যে তিনিও থাকতে পারেন। চীনের সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীনে পরিচালিত এই শিল্পপ্রতিষ্ঠানটিতে ঘটা দুর্ঘটনায় মোট ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিস্ফোরণে আহত সাতজন বাংলাদেশি শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য মস্কোর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। দূতাবাস সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ছয়জন বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। মস্কোতে পৌঁছানোর পর আহতদের সার্বিক চিকিৎসার বিষয়টি বাংলাদেশ দূতাবাস সরাসরি তদারকি করবে। বিশ্বের অন্যতম বৃহৎ পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনকারী এই কমপ্লেক্সের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তায় দূতাবাস ২৪ ঘণ্টার একটি হটলাইন চালু করেছে।
যেকোনো তথ্যের জন্য দূতাবাসের কাউন্সেলর ও হেড অব চ্যান্সারির সাথে +৭৯১৬২৩২৩০১৫ নম্বরে এবং শ্রম কল্যাণ উইংয়ের ফার্স্ট সেক্রেটারির সাথে +৭৯৮৯১১৩৯১৬৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের উৎপাদিত পণ্য রাশিয়া ও আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দুর্ঘটনাকবলিত শ্রমিকদের পরিচয় শনাক্তকরণ ও তাদের পরিবারের সাথে যোগাযোগসহ যাবতীয় আইনি ও মানবিক সহায়তা প্রদানে দূতাবাস কাজ করে যাচ্ছে।



