নেতানিয়াহুর অভিযোগ ভিত্তিহীন, কড়া ভাষায় প্রত্যাখ্যান কাতারের

, বিশ্ব

নেতানিয়াহুর অভিযোগ ভিত্তিহীন, কড়া ভাষায় প্রত্যাখ্যান কাতারের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া বক্তব্য তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে কাতার। এই প্রতিক্রিয়ায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাজেদ আল আনসারি এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাল্পনিক।

জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহু দাবি করেছিলেন যে, ইসরায়েলের বিরুদ্ধে জনমত প্রভাবিত করার জন্য কাতার সুনির্দিষ্ট কোনো প্রচারণা চালাচ্ছে। ড. আনসারি এই দাবি সরাসরি নাকচ করে বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েল যে মানবিক সংকট ও নৃশংসতা চালাচ্ছে, মূলত বিশ্ববাসীর নজর সেই ভয়াবহতা থেকে সরাতেই এমন ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।

কাতার এই বিবৃতিতে আরও জানায়, বর্তমানে বৈশ্বিক জনমত, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে ইসরায়েলবিরোধী যে নজিরবিহীন মনোভাব তৈরি হয়েছে, তাকে কোনো ‘প্রভাব বিস্তারের কৌশল’ বলে ছোট করা চরম অবমাননাকর। বিশ্ববাসী সরাসরি চোখের সামনে যা দেখছে, তার ওপর ভিত্তি করেই নিজেদের মতামত তৈরি করছে বলে ড. আনসারি উল্লেখ করেন।

ড. মাজেদ আল আনসারি আরও জানান, নিজেদের রাজনৈতিক ব্যর্থতা এবং মাঠপর্যায়ের অপরাধ ঢাকা দেওয়ার জন্য কাতারকে বারবার নিশানা করা হচ্ছে। ইসরায়েলি নেতৃত্বের প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেন, বলির পাঁঠা না খুঁজে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নিজেদের কাজের দায়ভার জনগণের কাছে স্বীকার করাই এখন তাদের জন্য শ্রেয়।