প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর করবেন। তার এই সফরকালীন সময়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক। তিনি প্রধান বিচারপতি দেশে ফিরে পুনরায় নিজের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত এই দায়িত্বে বহাল থাকবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর থাইল্যান্ডে এবং ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর মালয়েশিয়ায় অবস্থান করবেন। এই সফরকালিন সময় অথবা তিনি দায়িত্বে না ফেরা পর্যন্ত সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি মো. রেজাউল হককে প্রধান বিচারপতির দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন।



