সৈয়দপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

, বাংলাদেশ

সৈয়দপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গফুর বস্তি এলাকার বাসিন্দা নয় মাসের অন্তঃসত্ত্বা মোছা. সেলিনা বেগম তার পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেন, রাসেল নামের এক ব্যক্তির সাথে তিন হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ১৪ই অক্টোবর তার বাড়িতে প্রথম দফায় হামলা চালানো হয়। সেলিনার দাবি, ওই ঘটনায় তার স্বামী মো. বাপ্পিকে পুলিশ প্রথমে মাদক ব্যবসায়ী হিসেবে আটক করলেও পরে একটি পুরোনো মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সেলিনা জানান, গত ২০শে অক্টোবর সন্ধ্যায় পুনরায় তাদের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তাকে ও তার চার নাবালক সন্তানকে মারধর করে এবং বসতবাড়ির চারটি ঘর ভাঙচুর করে। লুটপাটের ফলে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। হামলায় আহত হওয়ার পর তিনি চিকিৎসাও নিয়েছেন। বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ও আশ্রয় সংকটে দিন কাটাচ্ছেন তিনি। এ ঘটনায় ১২ জনকে অভিযুক্ত করে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এই ভুক্তভোগী নারী। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাকে বসতভিটা থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।