যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের পক্ষ থেকে গুরুতর প্রাণনাশের হুমকি পাওয়ার পর ওয়াশিংটন ডিসি এলাকার নিজ বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত তিনটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। যদিও বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো নাম প্রকাশ করতে রাজি হয়নি, তবে তারা জানিয়েছেন যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন কর্মকর্তারা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন যে, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র এখন আগের চেয়ে অনেক বেশি অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বেসেন্টকে লক্ষ্য করে আসা এই হুমকির ভয়াবহতা মূল্যায়ন করা হচ্ছে। বেসেন্টের বিরুদ্ধে হুমকির ভয়াবহতা ঠিক কতটা, তা স্পষ্ট নয়। এসব হুমকির সবটার সঙ্গেই ইরানের সংশ্লিষ্টতা নেই।
চলতি বছরের আগস্ট মাস থেকে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে কঠোর নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছেন বেসেন্ট। তার এই কর্মকাণ্ডের কারণেই তিনি ইরানের হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। মূলত ইরানের সামরিক বাহিনীর প্রভাবশালী শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির অর্থায়ন বন্ধ করাই তার অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। এর মাধ্যমে দেশটির অর্থনীতি সংকুচিত করা, মুদ্রার মান কমিয়ে আনা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান অবনতির মাধ্যমে শাসনব্যবস্থাকে চাপে ফেলার কৌশল নিয়েছেন তিনি।
মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের মতে, যদিও যুক্তরাষ্ট্র বা বিদেশের মাটিতে বড় ধরনের সামরিক হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত, কিন্তু সুনির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে তাদের হুমকিগুলো অত্যন্ত গুরুতর। এ বিষয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ইরানের হুমকির মুখে বেসেন্ট দমে যাবেন না; বরং ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতি বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। ট্রাম্প প্রশাসনের সর্বশেষ জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে বেসেন্ট নিরাপত্তা বেষ্টনীতে উঠলেন। গত বছর হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিসহ অন্তত ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা একই ধরণের নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছিলেন। ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু করেছিলেন, তাতে যুক্তরাষ্ট্রকে যেন আবার বড় ধরনের সামরিক অভিযান চালাতে না হয়, সেই লক্ষ্যেও এ অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।
ইরানের হুমকির প্রেক্ষাপট বেশ দীর্ঘ। ২০২০ সালের জানুয়ারি মাসে ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। এরপর থেকেই মূলত ট্রাম্প ও তার ঘনিষ্ঠদের লক্ষ্যবস্তু করেছে ইরান। ২০২৪ সালে ফেডারেল কৌঁসুলিরা ফরহাদ শাকেরি নামের এক ব্যক্তির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনেন, যিনি রেভল্যুশনারি গার্ডের অপারেটিভ হিসেবে পরিচিত। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই এই পরিকল্পনা করা হয়েছিল বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। গত বছর ট্রাম্প ক্ষমতায় ফেরার পরপরই সোলাইমানি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তার নিরাপত্তা সুরক্ষা বাতিল করেছিলেন, যদিও বাইডেন প্রশাসন তা বহাল রেখেছিল। এর মধ্যে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের ঘটনাও রয়েছে। বন্ডির ক্ষেত্রে হুমকির একটি কারণ হিসেবে বলা হয়েছিল, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাসের একটি গোপন আস্তানা থেকে তুলে এনে যুক্তরাষ্ট্রে ফেডারেল ফৌজদারি অভিযোগের মুখোমুখি করার পর তার বিরুদ্ধে হুমকি বেড়ে। যুদ্ধটি যুক্তরাষ্ট্রে ব্যাপক অজনপ্রিয়। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার এ সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
গোয়েন্দা তথ্য বলছে, ইরানের কট্টরপন্থি নেতৃত্ব টিকে থাকার জন্য যেকোনো মূল্য দিতে প্রস্তুত। তাই কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটির শাসনব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। এদিকে, গত মাসে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ইরানের হামলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে থাকার গোয়েন্দা তথ্য পাওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সরকারি কর্মীদের সতর্কতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কর্মী সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি বৃটেনের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার সন্দেহে বোমারু বিমান সরিয়ে ফেলার মতো বড় ধরনের পদক্ষেপ নিতে হয়েছে মার্কিন সামরিক বাহিনীকে।



