ইরানে স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী গঠন যুক্তরাষ্ট্রের

, বিশ্ব

ইরানে স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী গঠন যুক্তরাষ্ট্রের

ইরানে অবৈধ পণ্য ও অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে স্থলপথে নতুন সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে ইরানের ওপর আরোপিত বিদ্যমান নৌ অবরোধকে আরও বিস্তৃত ও কঠোর করার পরিকল্পনা করছে ওয়াশিংটন।

রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, ইরানে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার সব পথ নিয়ন্ত্রণে এই বিশেষ বাহিনী পুরোপুরি সক্রিয় রয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধের পাশাপাশি স্থলপথে এই নতুন অভিযানের ফলে ইরানের পণ্য সরবরাহ ব্যবস্থা আরও কঠিন হয়ে পড়বে বলে তিনি দাবি করেন। এর আগে শনিবার (৭ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বাহিনী গঠনের বিষয়টি নিশ্চিত করে। আট মাস ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ জোরদারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, এই বাহিনী ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জাম মজুত করার সক্ষমতা সীমিত করতে কাজ করবে। ফ্লোরিডাভিত্তিক এই দলটিতে সামরিক ও বেসামরিক উভয় পর্যায়ের সদস্য রয়েছেন। তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সাথে সমন্বয় করে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য ও অবৈধ অর্থের প্রবাহ রোধে কাজ করবেন। সেন্টকমের দাবি অনুযায়ী, মার্কিন নৌ অবরোধের ফলে ইতিমধ্যে ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল রফতানি আটকে গেছে।

তবে যুক্তরাষ্ট্রের এই নতুন উদ্যোগকে ব্যর্থ বলে অভিহিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, বিভিন্ন কৌশল ও নামে ওয়াশিংটন যে অর্থনৈতিক অবরোধ চাপানোর চেষ্টা করছে, তা কখনোই সফল হবে না। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে তিনি আরও বলেন, চরম অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়া বা দেশটিকে ভেঙে ফেলার মার্কিন লক্ষ্য পূরণ হবে না। প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের বাণিজ্যিক যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই বলেও তিনি মন্তব্য করেছেন।