বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় দরপতন

, বিশ্ব

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় দরপতন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন পরিলক্ষিত হয়েছে। রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান সংকটের সমাধানে শান্তি আলোচনার অগ্রগতির সম্ভাবনাকে কেন্দ্র করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের প্রধান দুই বেঞ্চমার্কের দাম বৃহস্পতিবার (১২ নভেম্বর) ১ শতাংশের বেশি কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৭টা ৪১ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৯১ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ০৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৫ দশমিক ৪৯ ডলারে নেমে আসে।

উল্লেখ্য, মঙ্গলবার তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। তবে বুধবার ব্রেন্ট ক্রুড ১ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআই শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি নিয়ে পর্দার আড়ালে আলোচনা এবং সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া জানান, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে বাজারে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ বৈঠকের আগে উত্তেজনা হ্রাসের বিষয়টিও ইতিবাচক প্রভাব ফেলেছে।

আবুধাবিতে অনুষ্ঠিত দুই দিনের শান্তি আলোচনা শেষে রাশিয়া ও ইউক্রেন একটি বড় ধরনের বন্দিবিনিময়ে সম্মত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ভূখণ্ড নির্ধারণসহ কিছু মৌলিক বিষয়ে দুই দেশের মধ্যে এখনো মতপার্থক্য বিদ্যমান। এর মধ্যেই ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি স্পষ্ট করেছেন যে, তারা সমৃদ্ধ ইউরেনিয়ামের সামান্য অংশও দেশটির বাইরে যেতে দেবেন না। একদিকে এই কূটনৈতিক টানাপোড়েন এবং অন্যদিকে হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে তেলের দামের বড় ধরনের পতন সীমিত থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাজারে তেলের সরবরাহ বৃদ্ধির অন্যান্য কারণের মধ্যে রয়েছে সৌদি আরবের উৎপাদন বৃদ্ধি, যার ফলে অক্টোবরে ওপেক প্লাসের অপরিশোধিত তেল উৎপাদন বেড়েছে। এছাড়া বাজার সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে, যা তেলের বর্তমান বাজারমূল্যের ওপর বাড়তি প্রভাব ফেলেছে।