ব্রাজিলে অনুষ্ঠেয় ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের আর এক মাসেরও কম সময় বাকি। এর মধ্যেই আসরের ড্রয়ের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন এই নিয়মের ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো বিশেষ সুবিধা পাবে। ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের আদলে তৈরি করা এই নিয়মে র্যাঙ্কিংয়ের প্রথম থেকে চতুর্থ স্থানে থাকা দলগুলো সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না। তবে এর জন্য দলগুলোকে নিজ নিজ গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত করতে হবে। এই নিয়ম ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের ধাঁচেই করা হয়েছে। তবে সেজন্য বড় একটা শর্ত পূরণ করতে হবে।
ফিফার এই নিয়ম কার্যকর হতে র্যাঙ্কিংয়ের বর্তমান অবস্থান গুরুত্বপূর্ণ। আগামী ৭ ডিসেম্বর চূড়ান্ত র্যাঙ্কিং প্রকাশের পর এই অবস্থান নির্ধারিত হবে। বর্তমানে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইংল্যান্ড রয়েছে। আগামী ১১ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর দেড়টায় ব্রাজিলের রিও ডি জেনিরোর মিউজয়াম অব মডার্ন আর্টে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। সেদিনের অবস্থানের ওপর ভিত্তি করেই দলগুলোর অবস্থান নির্ধারিত হবে।
সেরা দলগুলোর বিশ্বকাপ খেলা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র আগামী ২৭ নভেম্বর এল সালভাদরের বিপক্ষে মাঠে নামবে। সেখানে জয় পেলে তাদের বিশ্বকাপে জায়গা নিশ্চিত হবে। র্যাঙ্কিংয়ের এই অবস্থান অপরিবর্তিত থাকলে যুক্তরাষ্ট্র স্পেনের বিপরীত অর্ধে থাকবে, যার ফলে দুই দলের দেখা হতে পারে ২৫ জুলাই মারাকানা স্টেডিয়ামের ফাইনালে। অন্যদিকে, ইংল্যান্ডকে বিশ্বকাপ নিশ্চিত করতে ইউক্রেনের বিপক্ষে ১ ও ৫ ডিসেম্বরের দুই লেগের ম্যাচ পার করতে হবে। তাদের ইউক্রেনকে হারাতে হবে দুই লেগে। র্যাঙ্কিংয়ে কোনো বদল না এলে যুক্তরাষ্ট্র পড়বে স্পেনের উল্টো দিকের অর্ধে।
স্বাগতিক ব্রাজিল থাকবে ‘এ’ গ্রুপের শীর্ষে এবং ২৪ জুন মারাকানায় উদ্বোধনী ম্যাচে অংশ নেবে তারা। ড্রয়ের জন্য ব্রাজিলসহ প্রথম পটে থাকবে র্যাঙ্কিংয়ের সেরা সাত দল। দ্বিতীয় ও তৃতীয় পটে র্যাঙ্কিং অনুযায়ী আটটি করে দল রাখা হবে। মার্চে প্লে-অফ থেকে আসা তিন বিজয়ী এবং সবচেয়ে নিচের সারির দলগুলো থাকবে চতুর্থ পটে। আগের মতোই মহাদেশভিত্তিক নিয়ম বজায় থাকবে, যেখানে এক গ্রুপে ইউরোপের সর্বোচ্চ দুটি দল এবং অন্য মহাদেশের একটি করে দল থাকতে পারবে।



