কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ‘শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা’র তৃতীয় আসর। বিশ্বের বিভিন্ন দেশের কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করা মেধাবী হাফেজদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা ইভেন্টটি ‘সেরাদের সেরা’ বা বেস্ট অব দ্য বেস্ট নামে পরিচিত।
মারসাল কাতার ও ইকনা’র তথ্য অনুযায়ী, এবারের আসরে ১৯টি দেশের মোট ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। গত সোমবার থেকে শুরু হওয়া এই প্রথম পর্বের কার্যক্রম আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। এরপর ১৫ নভেম্বর বাছাইকৃত সেরা ১০ জন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে এবং ১৬ ও ১৭ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এবারের আসরের বিজয়ী হাফেজকে প্রধান পুরস্কার হিসেবে এক মিলিয়ন কাতারি রিয়াল প্রদান করা হবে।
প্রতিযোগিতার প্রথম দিন সকালে এবং বিকেলে আটটি দেশের নয়জন প্রতিযোগী তাদের হিফজ ও তেলাওয়াতের পারফরম্যান্স প্রদর্শন করেছেন। বাংলাদেশের পক্ষে এই বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করছেন মুআজ মাহমুদ। আসরটি নিয়ে আয়োজক কর্তৃপক্ষ বেশ আশাবাদী এবং প্রতিযোগী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে জানা গেছে।
অংশগ্রহণকারী বিশ্বমানের হাফেজরা জানান, পবিত্র কুরআন মুখস্থ করার ফলে তাদের ব্যক্তিত্বে অসাধারণ আত্মবিশ্বাস তৈরি হয়েছে এবং মানসিক ও আচরণগত দক্ষতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। নিয়মিত তিলাওয়াত তাদের স্মৃতিশক্তি প্রখর করার পাশাপাশি সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধে পরিপক্ব করে তুলেছে। হিফজের এই কঠিন যাত্রায় তাদের বাবা-মা ও শিক্ষকদের নিরলস উৎসাহ এবং সুনির্দিষ্ট রুটিনই মূলত সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে। তারা আরও জানান, কুরআন কেবল তাদের ভাষাগত দক্ষতা বাড়ায়নি, বরং নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে।



