২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। বুধবার (১১ নভেম্বর) ও বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য পৃথক নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। *বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ দেখুন এখানে।
শিক্ষানীতি অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স হতে হবে ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে ছয় বছর পূর্ণ। অর্থাৎ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সের শর্তে সর্বোচ্চ পাঁচ বছরের ছাড় দেওয়ার বিধান রাখা হয়েছে। দুই ধরনের স্কুলেই শিক্ষাবর্ষ চলবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং প্রতিটি শাখার জন্য শিক্ষার্থী সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে ৫৫ জন। বয়সের প্রমাণ হিসেবে আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে সম্পূর্ণ অনলাইনে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি সরকারি বিদ্যালয় পছন্দক্রমে রাখতে পারবে। লটারি কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পরিচালনা করবে এবং নির্বাচিতদের তালিকার পাশাপাশি সমসংখ্যক অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখা হবে। একই বিদ্যালয়ে একাধিক আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তি কার্যক্রম পরিচালনার দায়িত্ব সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের ওপর ন্যস্ত থাকবে। বিদ্যালয়ের পরিচালনা কমিটি ভর্তির তারিখ ও সময়সূচি নির্ধারণ করবে। তবে স্থানীয় পর্যায়ে কোনো সংঘাত বা একই দিনে পরীক্ষা হওয়া ঠেকাতে সংশ্লিষ্ট থানা বা উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে পরামর্শ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বেসরকারি বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণির বা সমমানের পরীক্ষার উত্তীর্ণদের মধ্যে থেকে শিক্ষার্থী বাছাই করতে হবে।
ভর্তি পরীক্ষার মানবণ্টনে সরকারি ও বেসরকারি উভয়ক্ষেত্রেই সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সরকারি স্কুলের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষায় মোট ৫০ নম্বরের মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০, যেখানে বাংলা ও ইংরেজিতে ৩০ করে এবং গণিতে ৪০ নম্বর বরাদ্দ রয়েছে। বেসরকারি স্কুলেও দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পরীক্ষা ৫০ নম্বরের এবং চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষা ১০০ নম্বরের হবে, যার মানবণ্টন সরকারি স্কুলের মতোই।
আবেদন ফি ও সেশন চার্জের বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে আবেদনের ফি সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ২৫০ টাকা। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদন ফি নিয়ে নীতিমালার বিভিন্ন ধারায় কিছুটা ভিন্নতা থাকলেও সর্বোচ্চ ২০০ টাকা নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া এলাকার ভিত্তিতে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। মফস্বল এলাকার জন্য সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন শুরু: ফি বৃদ্ধি ৪ ইউনিটে।
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৫ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে মাসিক বেতন ও অন্যান্য খরচ মিলে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ফি ধার্য করা হয়েছে। উন্নয়ন খাতের নামে কোনো অবস্থাতেই ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরের শ্রেণিতে ওঠার সময় কোনো পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে ফি মওকুফের নির্দেশনাও নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভর্তি কার্যক্রমের সুনির্দিষ্ট শুরুর বা শেষ হওয়ার তারিখ কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করে দেওয়া হয়নি। সরকারি স্কুলের ক্ষেত্রে ঢাকা মহানগরী ভর্তি কমিটির বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে এবং বেসরকারি স্কুলের ক্ষেত্রে নিজ নিজ বিদ্যালয়ের নির্ধারিত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন ও পরীক্ষার প্রক্রিয়া পরিচালিত হবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন।



