রিপোর্ট রুবেল তালুকদার টাইম নিউজ সেভেন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে প্রশাসনের উদ্যোগে নির্মিত একটি ইটের রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার আলীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, করতোয়া ডিগ্রি কলেজের জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ইউসুফ আলী ও রফিক প্রামাণিকসহ কয়েকটি পরিবার যাতায়াত করে আসছিল। সম্প্রতি প্রতিবেশী এক ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে ওই পথ বন্ধ করে দিলে পরিবারগুলো প্রায় ২০ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় পড়ে। পরে বিষয়টি জানতে পেরে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের একটি ইটের রাস্তা নির্মাণ করা হয়, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চলাচল স্বাভাবিক হয়। গত ২৭ এপ্রিল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে রাস্তাটির উদ্বোধন করেন।
তবে অভিযোগ রয়েছে, ইউএনও বদলির পর গত ২ মে বিকেলে আফসার আলীর নেতৃত্বে একদল লোক এসে রাস্তার ইটগুলো তুলে নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শিউলি বেগম জানান, অবরুদ্ধ পরিবারগুলোর কষ্ট লাঘবে প্রশাসন রাস্তাটি নির্মাণ করেছিল। কিন্তু হঠাৎ করে এসে ইটগুলো তুলে নেওয়ায় তারা আবারও ভোগান্তিতে পড়েছেন।
অভিযোগ অস্বীকার করে আফসার আলী বলেন, তিনি কোনো রাস্তার ইট তুলে নেননি। তার দাবি, যেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে সেটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জমি, তাই জমি দখলমুক্ত করার কাজ চলছিল।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।