ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুব্বা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের দেশ কোনোভাবেই ইরানের দরকষাকষির হাতিয়ার নয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্পুটনিককে তিনি স্পষ্টভাবে জানান, ইয়েমেন কোনো রাজনৈতিক হিসাব-নিকাশ বা প্রতিশোধ নেওয়ার ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, কোনো আঞ্চলিক শক্তি নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য ইয়েমেনকে মাধ্যম হিসেবে ব্যবহার করার সুযোগ পাবে না।
লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে হুথিদের তৎপরতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌ-চলাচল ব্যবস্থা নিরাপদ রাখার স্বার্থে ইয়েমেনে স্থিতিশীল রাষ্ট্রকাঠামো ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।
এদিকে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে সরাসরি ইরানকে অভিযুক্ত করেছে। তাদের দাবি, ইরান একটি আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের দরকষাকষির সক্ষমতা বাড়াতে ইয়েমেনকে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে।



