মদিনায় বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার পেছনে হুতিদের দায়ী করল

, বিশ্ব

মদিনায় বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার পেছনে হুতিদের দায়ী করল

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী ‘তাইবা’ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ভোরের এই হামলার জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীকে দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার (১ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, হামলার পর কর্তৃপক্ষের তদন্ত, অপারেশনাল পর্যালোচনা এবং ধ্বংসাবশেষ বিশ্লেষণের মাধ্যমে হুতিদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ মিলেছে। এই হামলায় কেন্দ্রটির একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও মদিনার সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর এর কোনো প্রভাব পড়েনি।

আল-মালিকি আরও দাবি করেছেন, মক্কা ও মদিনার পবিত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে হুতিদের এটি একটি ধারাবাহিক প্রচেষ্টার অংশ। এটি বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার হীন ষড়যন্ত্র। এর আগে মক্কার দিকে ছোড়া একটি ড্রোন প্রতিহত করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ সেখানে আগত মুসল্লি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এদিকে, সৌদি জোটের এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে হুতি গোষ্ঠী। হুতি পরিচালিত সাবা বার্তা সংস্থার বরাতে একটি সামরিক সূত্র দাবি করেছে যে, মদিনায় হামলার এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।