ভারতের উত্তর প্রদেশে সেনাবাহিনীর এক সদস্যের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় তার পরিবারের তিন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে অযোধ্যা-সুলতানপুর সীমান্তসংলগ্ন হালিয়াপুর এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৭৯ দশমিক ৬ কিলোমিটার পয়েন্টে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সুবেদার মেজর সত্যবানের মরদেহ চণ্ডীগড় থেকে তার নিজ জেলা উত্তর প্রদেশের দেওরিয়ার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছিল। এ সময় তার পরিবারের চার সদস্য অ্যাম্বুলেন্সে মরদেহটির সঙ্গে ছিলেন।
দুর্ঘটনায় নিহতদের পরিচয়
- গৌরব সিং (২৮), সেনাসদস্যের ছেলে
- রাজন চৌধুরী (৩৫), সেনাসদস্যের ভাই
- রাম সমুজ সিং (৪০), সেনাসদস্যের ভাতিজা
- জসপাল (৩০), অ্যাম্বুলেন্সচালক
পুলিশের ভাষ্যমতে, অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গৌরব সিং ও চালক জসপালের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাজন চৌধুরী ও রাম সমুজ সিংকে অযোধ্যা জেলার পিথলা-কুমারগঞ্জের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।



