মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

, বিশ্ব

মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান ইরানবিরোধী যুদ্ধের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতি স্বচক্ষে দেখতে মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। এই সংঘাত নিরসনে যারা কাজ করছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলাই তার এই সফরের প্রধান লক্ষ্য। মারফি জানিয়েছেন, এই যুদ্ধ পরিস্থিতি চলাকালীন মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটরদের উপস্থিতি অত্যন্ত জরুরি। তিনি যুদ্ধ শুরুর পর প্রথম ডেমোক্র্যাট সিনেটর হিসেবে এই অঞ্চলে সফর করছেন।

সফরের শুরুতে কাতার পৌঁছানোর পর তিনি তার পরবর্তী গন্তব্য হিসেবে সৌদি আরবের রিয়াদের কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই সফরের তিনটি মূল লক্ষ্য তুলে ধরেছেন। এর মধ্যে প্রথমটি হলো, যুদ্ধের ফলে মার্কিন স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করা। দ্বিতীয়ত, কাতার ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা এবং সংঘাত থামানোর চলমান কূটনৈতিক উদ্যোগগুলো সম্পর্কে ধারণা নেওয়া।

সবশেষে, উপসাগরীয় অঞ্চলের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতি কী হওয়া উচিত, তা পুনর্বিবেচনার ওপর গুরুত্বারোপ করেছেন সিনেটর মারফি। তিনি মনে করেন, সংঘাতের এই সংকটময় মুহূর্তে দুই দলের মার্কিন আইনপ্রণেতাদের সরাসরি উপস্থিত থাকা এবং পরিস্থিতির বাস্তবতা বোঝা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।