আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবস উপলক্ষে প্রবীণদের ভ্রমণ প্রক্রিয়াকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও অন্তর্ভুক্তিমূলক করতে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাতার ফাউন্ডেশন ফর সোশ্যাল ওয়ার্কের আওতাধীন বয়স্কদের ক্ষমতায়ন ও যত্ন কেন্দ্র ‘ইসান’ যৌথভাবে একটি নতুন কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রবীণ যাত্রীদের বিমানবন্দরের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ডিজিটাল সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে সচেতন করে তোলা, যাতে তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে ভ্রমণ করতে পারেন।
সামাজিক অংশীদারত্বের অংশ হিসেবে এই প্রকল্পের মাধ্যমে প্রবীণরা বিমানবন্দরের আধুনিক সুবিধাগুলো সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। এতে তাঁদের ভ্রমণ অভিজ্ঞতা যেমন উন্নত হবে, তেমনি এটি প্রবীণদের ক্ষমতায়নের লক্ষ্যকেও ত্বরান্বিত করবে।
কর্মসূচির মূল কার্যক্রম
- পরিদর্শন ও পরিচিতিমূলক ট্যুর: নিয়মিত পরিদর্শনের মাধ্যমে প্রবীণদের বিমানবন্দরের বিভিন্ন সুবিধা ও পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।
- সচেতনতামূলক সেশন: যাত্রার প্রতিটি ধাপ এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ সেশন পরিচালনা করা হবে, যাতে প্রবীণরা দক্ষভাবে ভ্রমণ সম্পন্ন করতে পারেন।
- মতামত ও মূল্যায়ন: প্রবীণদের নিজস্ব অভিজ্ঞতা ও ফিডব্যাক গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে বিমানবন্দরের সেবা আরও আধুনিকীকরণে সহায়ক ভূমিকা রাখবে।
এই উদ্যোগের বিষয়ে ‘ইসান’ কেন্দ্রের নির্বাহী ব্যবস্থাপক মানাল আল মান্নাই বলেন, আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবসে এমন কর্মসূচি চালুর মাধ্যমে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত দায়বদ্ধতা ফুটে ওঠে। তিনি আশা প্রকাশ করেন যে, সচেতনতা ও প্রত্যক্ষ অভিজ্ঞতার পাশাপাশি প্রবীণদের মতামতকে গুরুত্ব দেওয়ার এই প্রয়াস তাঁদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের যাত্রীদের জন্য একটি সহজ ও অন্তর্ভুক্তিমূলক অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।



